ইহছানুল হক ছাজিদ

প্রকৃতির নিদর্শন – ২

সূর্য ও চাঁদ — আকাশের দুই নীরব শিক্ষক

সূর্য ও চাঁদ — আকাশের দুই নীরব শিক্ষক

শীতের এক ভোর। চারপাশে হালকা কুয়াশা, পৃথিবী তখনো ঘুমে আচ্ছন্ন। ধীরে ধীরে পূর্ব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। অন্ধকার সরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে আলো। আবার কখনো ঈদের আগের সন্ধ্যায় আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি—নতুন চাঁদের সন্ধানে। একটুখানি বাঁকা চাঁদ দেখা গেলেই আনন্দের সংবাদ ছড়িয়ে পড়ে।

সূর্য ও চাঁদ—প্রতিদিনের পরিচিত এই দুই জ্যোতিষ্ক আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে! অথচ প্রতিদিন দেখতে দেখতে অনেক সময় আমরা তাদের মধ্যে লুকিয়ে থাকা আল্লাহর নিদর্শনগুলো নিয়ে ভাবি না।

আল্লাহ তাআলা বলেন—

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ

অর্থ: “তিনিই সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে করেছেন আলোকময়। আর তিনি চাঁদের জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন পর্যায়, যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানতে পারো।”

—সূরা ইউনুস, ১০:৫

আয়াতটিতে সূর্যের জন্য এসেছে ‘দিয়াআন’ এবং চাঁদের জন্য ‘নূরান’ শব্দ। দুটি শব্দের অর্থ ও ব্যবহারে পার্থক্য রয়েছে। বৈজ্ঞানিকভাবেও আমরা জানি, সূর্য নিজেই আলো ও তাপ বিকিরণ করে; অন্যদিকে চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে পৃথিবীকে আলোকিত করে।

চাঁদের আকৃতি প্রতিদিন এক রকম থাকে না। কখনো সরু বাঁকা, কখনো অর্ধচন্দ্র, আবার কখনো পূর্ণিমার পূর্ণ চাঁদ। চাঁদের এই পর্যায়ক্রমিক অবস্থান ও দৃশ্যমান আকৃতির পরিবর্তনের মাধ্যমে আমরা চান্দ্রমাসের হিসাব নির্ধারণ করি। রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ ইসলামের বহু গুরুত্বপূর্ণ ইবাদত ও উপলক্ষ এই চাঁদের হিসাবের সঙ্গে সম্পর্কিত।

আল্লাহ তাআলা বলেন—

لَا الشَّمْسُ يَنْبَغِي لَهَا أَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

অর্থ: “সূর্যের পক্ষে চাঁদকে ধরে ফেলা সম্ভব নয়, আর রাত দিনের আগে চলে যেতে পারে না। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে।”

—সূরা ইয়াসীন, ৩৬:৪০

সূর্য, চাঁদ ও অন্যান্য জ্যোতিষ্ক নির্দিষ্ট নিয়মে গতিশীল। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। তাদের গতি ও পারস্পরিক অবস্থানের পরিবর্তনের মধ্য দিয়ে মহাবিশ্বের বিস্ময়কর শৃঙ্খলা প্রকাশ পায়।

এ যেন এক বিশাল নিয়মতান্ত্রিক ব্যবস্থা, যেখানে প্রতিটি জ্যোতিষ্ক তার নির্ধারিত নিয়মে চলমান। দিন-রাতের পরিবর্তন, ঋতুর আবর্তন, মাস ও বছরের হিসাব—সবকিছুর সঙ্গে এই মহাজাগতিক গতির গভীর সম্পর্ক রয়েছে।

সূর্য শুধু পৃথিবীকে আলোকিত করে না; জীবজগতের অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও তার ভূমিকা অপরিসীম। সূর্যের আলো ও তাপ ছাড়া পৃথিবীর পরিচিত জীবনব্যবস্থা কল্পনা করাও কঠিন।

অন্যদিকে, চাঁদের পর্যায়ক্রমিক পরিবর্তন আমাদের সময় গণনায় সহায়তা করে। জোয়ার-ভাটার ক্ষেত্রেও চাঁদের মহাকর্ষীয় প্রভাব গুরুত্বপূর্ণ।

আমাদের দৈনন্দিন ইবাদতের সময় নির্ধারণেও সূর্যের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে যোহরের সময় শুরু হয়। আসরের সময় নির্ধারিত হয় ছায়ার দৈর্ঘ্যের ভিত্তিতে—এ ক্ষেত্রে ফিকহি মাজহাবভেদে কিছু পার্থক্য রয়েছে। আর সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের সময় শুরু হয়।

এভাবে আমাদের জীবনের সময়, প্রকৃতি ও ইবাদতের সঙ্গে সূর্য ও চাঁদ গভীরভাবে জড়িয়ে আছে।

সূর্য আর চাঁদ আল্লাহর নিদর্শন, এরা উপাসনার যোগ্য নয়।

আল্লাহ তাআলা বলেন—

وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

অর্থ: “আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ । তোমরা না সূর্যকে সিজদা করবে, না চাঁদকে। আর তোমরা আল্লাহকে সিজদা কর যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবলমাত্র তাঁরই ইবাদাত কর।”

—সূরা ফুসসিলাত, ৪১:৩৭

একবার রাসুলুল্লাহ ﷺ-এর পুত্র ইবরাহীম (রা.) ইন্তেকাল করেন। সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। কিছু মানুষ মনে করেছিল, তাঁর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ ঘটেছে।

কিন্তু রাসুলুল্লাহ ﷺ মানুষের সেই ভুল ধারণা দূর করে বলেন—

“সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শনসমূহের দুটি নিদর্শন। কারও মৃত্যু বা জন্মের কারণে এগুলোর গ্রহণ হয় না।”

এরপর তিনি গ্রহণ দেখলে সালাত আদায় ও আল্লাহর কাছে দোয়া করার নির্দেশ দেন।

—সহিহ বুখারি, হাদিস: ১০৪৩

এই হাদিস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কোনো মানুষের জন্ম, মৃত্যু কিংবা ভাগ্য পরিবর্তনের কারণে ঘটে না। এগুলো আল্লাহর সৃষ্টি করা মহাজাগতিক নিয়মের অংশ এবং তাঁর নিদর্শন। তাই এ সময় কুসংস্কারে না জড়িয়ে আল্লাহর দিকে ফিরে আসা, সালাত আদায় ও দোয়া করা উচিত।

পৃথিবীর এই পরিচিত নিয়ম একদিন শেষ হয়ে যাবে। যে সূর্য প্রতিদিন আলো ছড়ায়, যে চাঁদ রাতের আকাশকে সৌন্দর্যমণ্ডিত করে, কিয়ামতের দিন তাদের বর্তমান অবস্থার পরিবর্তন ঘটবে।

আল্লাহ তাআলা বলেন—

وَخَسَفَ الْقَمَرُ ۝ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ

অর্থ: “আর চাঁদের আলো নিষ্প্রভ হয়ে যাবে এবং সূর্য ও চাঁদকে একত্র করা হবে।”

—সূরা আল-কিয়ামাহ, ৭৫:৮–৯

যে সূর্য ও চাঁদকে আমরা প্রতিদিন দেখি, একদিন তাদেরও বর্তমান নিয়মে চলার অবসান ঘটবে। পৃথিবীর সব পরিচিত দৃশ্য বদলে যাবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, দুনিয়ার এই জীবন ছিল সাময়িক; স্থায়ী জীবন অপেক্ষা করছে আখিরাতে।

সূর্য ও চাঁদ যেন আমাদের নীরবে অনেক কিছু শেখায়—নিয়ম মেনে চলা, সময়ের মূল্য বোঝা, স্রষ্টার নিদর্শন নিয়ে চিন্তা করা এবং তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা।

তারা আল্লাহর নির্ধারিত নিয়মের অধীন। আর আমরা মানুষ—আমাদের দেওয়া হয়েছে বিবেক, ইচ্ছাশক্তি ও ভালো-মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা।

তাহলে প্রশ্ন জাগে, আমরা কি আমাদের স্রষ্টার নির্দেশ মেনে চলার ক্ষেত্রে এতটাই উদাসীন থাকব?

আরও লেখা পড়ুন