ইহছানুল হক ছাজিদ

ভাবনা

অতৃপ্ত আত্মার সুখের সন্ধান

অতৃপ্ত আত্মার সুখের সন্ধান

মাঝেমধ্যে আমার মনে হয়, আমরা মানুষ আসলে কী অদ্ভুত! সবাই সুখী হতে চায়, অথচ সুখে থেকেও যেন মন ভরে না। আরও একটু ভালো থাকার আকাঙ্ক্ষায় আমরা এমনভাবে ছুটে চলি যে, কখনো কখনো বর্তমানের সুখটুকুও উপভোগ করতে ভুলে যাই। আমিও এর ব্যতিক্রম নই।

মানুষের জীবন যেন নিরন্তর আরও ভালো থাকার সংগ্রাম। এই ছুটে চলার মধ্যেই আমরা আনন্দ খুঁজি। অথচ একটু থেমে নিজের বর্তমানটাকে দেখলে হয়তো বুঝতে পারতাম, যা আছে, তা নিয়েও তৃপ্ত থাকা সম্ভব। কিন্তু এই তৃপ্তিটুকুই যেন আমাদের জীবনে সবচেয়ে দুর্লভ।

সুস্থ থাকলে আমরা সুস্থতার কদর করি না, অসুস্থ হলে সামান্য সুস্থতার জন্যও আকুল হয়ে প্রার্থনা করি। প্রাপ্তিকে স্বাভাবিক ভেবে অবহেলা করি, অথচ অপূর্ণতার জন্য হাহাকার করি। একটি আকাঙ্ক্ষা পূরণ হলে আরেকটি জন্ম নেয়। আমরা আসলে কী চাই, তার উত্তর যেন আমাদের নিজেদের কাছেও স্পষ্ট নয়।

একসময় এই অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়েই আমাদের পা বাড়াতে হয় কবরের পথে। জীবনের সব ব্যস্ততা, অর্জন আর অপূর্ণতার হিসাব একদিন থেমে যায়। দুনিয়ার সবকিছু পেছনে পড়ে থাকে; সঙ্গে থাকে কেবল আমল, আর মানুষের হৃদয়ে রয়ে যায় কিছু স্মৃতি। অথচ ক্ষণস্থায়ী এই জীবনে আরও কিছু পাওয়ার আশায় ছুটতে ছুটতে আমরা কত সহজেই বেঁচে থাকার ছোট ছোট আনন্দগুলো হারিয়ে ফেলি!

আসলে প্রকৃত ও পরিপূর্ণ সুখ এই পৃথিবীতে নেই; রয়েছে জান্নাতে। দুনিয়াতেও সুখ, আনন্দ ও প্রাপ্তি আছে, কিন্তু সেসবের মধ্যেও যেন পূর্ণতার অভাব রয়ে যায়। আমরা যা পেয়েছি, তার সৌন্দর্য উপলব্ধি করার আগেই মন ছুটে যায় অধরা কিছুর পেছনে। ফলে প্রাপ্তির মাঝেও অপূর্ণতা আমাদের পিছু ছাড়ে না।

হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা প্রাপ্তির অভাব নয়, বরং প্রাপ্তিতে তৃপ্ত হতে না পারা। সুখের সন্ধানে সারাটা জীবন ব্যয় করেও তাই আমরা কখনো কখনো সুখী হতে পারি না। জীবন ফুরিয়ে আসে, অথচ চাওয়ার যেন শেষ হয় না।

আরও লেখা পড়ুন